ডোমারে ইউপি উপনির্বাচন

ফল বাতিল ও ভোট পুনর্গণনার দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১১:২১ পিএম

নীলফামারীর ডোমারের পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পাঙ্গামটুকপুর ইউনিয়নবাসীর ব্যানারে ইউনিয়নের পাঙ্গামহেশ লালা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম ভুট্টো, বুলবুলি বেগম, আতিয়ার রহমান, সাইদুর রহমান, রবিউল ইসলাম, এরশাদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনিবাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ভোটের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’ 

চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম ভুট্টো দাবি করেন, ‘ভোটকেন্দ্রগুলোতে যখন ফলাফল ঘোষণা করা হয়, তখন আমার চশমা প্রতীক এক হাজার ২০০ ভোটে নৌকা প্রতীকের চেয়ে এগিয়ে ছিল। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রে পরিকল্পিতভাবে নৌকা প্রতীকের সমর্থকরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে। তারা কেন্দ্র দখলের মাধ্যমে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করে।’  এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। ফলাফল বাতিল কিংবা পুনর্গণনার বিষয়টি দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের। কোনো প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত