কাদেরের জন্য দেশবাসীর দোয়া চেয়েছে মন্ত্রিসভা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৩:৪৩ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে তার জন্য সবাই যেন একটু দোয়া করি।’

সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘একটু উন্নতি করেছে। তাকে পর্যবেক্ষণের জন্য বিখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠিকে নিয়ে আসা হয়েছে।’ গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্ট অ্যাটাক হয়। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে একটি চিকিৎসক দল ঢাকায় এলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যাত্রা পিছিয়ে দেন চিকিৎসকরা।

চকবাজারের হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক : পুরান ঢাকার চকবাজারের হতাহতের ঘটনায় মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই এই শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত ও ৫৫ জন আহতের ঘটনায় মন্ত্রিসভা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। এ ছাড়া হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি মন্ত্রিসভা সমবেদনা জ্ঞাপন করেছে বলেও জানান তিনি।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬৭টি লাশ উদ্ধারের পাশাপাশি ৯ জনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে চারজন মারা যায়।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস যে ৬৭টি লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছিল, তার মধ্যে ৪৮ জনের মরদেহ শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের শনাক্ত করার জন্য স্বজনদের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি। লাশের ডিএনএ নমুনার সঙ্গে তা মিলিয়ে শনাক্ত হওয়ার পর হস্তান্তর করা হবে লাশগুলো।

পলান সরকারের মৃত্যুতে শোক : মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে রাজশাহীর গ্রামে গ্রামে নিজের টাকায় বই বিলি করে বইপড়া আন্দোলনের সূচনাকারী পলান সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। গত ১ মার্চ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে নিজের বাড়িতে মারা যান তিনি। ৯৮ বছর বয়সী পলান সরকার বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বইপড়া আন্দোলনকে উজ্জীবিত করার জন্য একুশে পদক ও বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপও পান তিনি।

মন্ত্রিসভার গতকালের বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান আইন ২০১৯-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত