চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিতে অভিযান চালিয়ে ৬ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩শ’ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় কারেন্ট জাল ও পলিথিন রাখার দায়ে শিমুল দেবনাথ ও হাবিব নামের দুই ব্যক্তিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও উজ্জ্বল হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম জানান, কোস্টগার্ডের গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিতে অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ স্টোরের গোডাউন থেকে প্রায় ৬ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পরে পৌর হকার্স মার্কেটে বিকাশের গোডাউন থেকে প্রায় ৩’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। অভিযানে প্রদীপ স্টোর থেকে শিমুল দেবনাথ ও বিকাশের পলিথিন দোকান থেকে হাবিব নামে দু’জনকে আটক করা হয়।
তিসি জানান, পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে শিমুল দেবনাথকে ১০ হাজার ও হাবিবকে ২৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং পলিথিন পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে চাঁদপুর জেলা কোস্টগার্ডের স্টেশন অফিসার আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারেন্ট জাল ও পলিথিন নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
