নৌকার প্রচারগাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, আহত ২

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১২:০৯ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের প্রচারগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর কাদিমপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় নৌকা প্রতীকের সমর্থক দুই কর্মী আহত হন।

ঈশ্বরদী ছলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে সোমবার একটি অটোবাইকে প্রচার চালানো হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর কাদিমপাড়া বাজারে দুটি  মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা অজ্ঞাত দুর্বৃত্তরা অটোবাইকটির গতিরোধ করে তা ভাঙচুর করে। পরে তারা প্রচারের গাড়ি ও মাইকে অগ্নিসংযোগ করে। হামলায় প্রচার গাড়িতে থাকা দুজন কর্মী আহত হন। তারা হলেন ফান্টু (৩২) ও মহিদুল (২৮)। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

ঈশ^রদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক মালিথা অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতার ইন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু নৌকার বিপক্ষে আনারস প্রতীক নিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। তারা একাধিকবার নৌকার প্রচার কাজে বাধার সৃষ্টি করেছে। চরকাদিমপুরের ঘটনায়ও আনারস প্রতীকের সমর্থকরাই জড়িত।

তবে, অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু বলেন, ‘জনবিচ্ছিন্ন এক নেতাকে দল মনোনয়ন দেওয়ায় তৃণমূলের চাপে প্রার্থী হয়েছি। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। প্রচারে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না।’

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ‘প্রচারগাড়িতে হামলার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত