পটুয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথ পড়ান বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
শপথ অনুষ্ঠানে প্রথমে শপথ নেন পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে জয়ী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। পরে ৯টি সাধারণ ওয়ার্ডের ৯ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন নারী কাউন্সিলকে শপথবাক্য পাঠ করানো হয়।
জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে তাদের সুখে-দুঃখে পাশে থাকার পরামর্শ দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, পটুয়াখালী জেলা এখন সারা দেশের উন্নয়নের শীর্ষে। সুতরাং পটুয়াখালীর জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেড়ে গেছে।
তাদের সততার পরিচয় দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার। একই সঙ্গে নবনির্বাচিতদের শপথ ভঙ্গ না করাসহ আইনের বিধি বিধান মেনে চলার পরামর্শ দেন। গত ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীরকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদ।
