ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ফুটপাত থেকে শিগগির অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ঢাকায় প্রধান সমস্যা হচ্ছে যানজট। আমি ঢাকা যানজটমুক্ত করে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব। উত্তর সিটিতে যে সব খেলার মাঠ দখল হয়ে আছে সেগুলো শিগগিরই উদ্ধার করা হবে।’ এদিন নিজ মালিকানার ইসলাম গ্রুপের পোশাক কারখানা রোজ ড্রেসেসের শ্রমিকদের বার্ষিক বনভোজনে যোগ দেন আতিকুল ইসলাম।
প্রয়াত মেয়র আনিসুল হকের স্মৃতিচারণ করে ব্যবসায়ী নেতা আতিকুল বলেন, ‘আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো অধিক গুরুত্ব দিয়ে করা হবে। প্রয়াত মেয়রের স্বপ্নপূরণই হবে আমার লক্ষ্য। এছাড়া সবাইকে নিয়ে আমি নতুন ঢাকা গড়ব। যেন ঢাকা উত্তরে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি না থাকে।’ ঢাকাকে মাদক ও মশামুক্তের ঘোষণাও দেন তিনি। বনভোজনে কারখানার প্রায় ছয় হাজার শ্রমিক অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রোজ ড্রেসেস কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে।
