জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘লোক লোকান্তর, কালের কলস ও সোনালি কাবিন’ এই তিনটি কাব্যগ্রন্থ দিয়েই বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছিলেন আল মাহমুদ। সোনালি কাবিনে আঞ্চলিক ভাষার প্রয়োগ যেভাবে কাব্যভাষায় রূপ লাভ করেছে তা যেকোনো ভাষার জন্য গৌরবের। গতকাল মঙ্গলবার শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আল মাহমুদ স্মরণে কবি আল মাহমুদ পরিষদের উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল মাহমুদ গত ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, সাবেক প্রধান বিচারপতি আবদুর রউফ, কবি আল মুজাহিদী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান প্রমুখ।
আলোচনায় অংশ নেন কবি হাসান হাফিজ, কবি আবদুল হাই শিকদার, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, কবি শাহীন রেজা, কবি আতাহার খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আল মাহমুদ পরিষদের আহ্বায়ক কবি আসাদ চৌধুরী।
