শিক্ষকদের যথাসময়ে কর্মস্থলে থাকার নির্দেশ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৪:১৮ এএম

দেশের সব শিক্ষক এবং শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)অ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে উপস্থিতির বিষয়ে অধিকতর সতর্কতা  অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতে কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না। মাউশির একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকদের অধিকাংশই সময়মতো ও নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। আর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশনা জারি করা হলো।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকতে একটি নির্দেশনা জারি করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিভিন্ন স্কুল পরিদর্শন শুরু করেন। এতে শিক্ষকদের অনুপস্থিতিসহ নানা অনিয়মের চিত্র পাওয়া যায়। তখন বেশ কিছু শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত