আগামীকাল ৮ মার্চ। এই দিনটিকে নারীদের জন্য বিশেষ করে রেখেছে সারা বিশ্ব। পৃথিবী, মানবজগৎ ও পরিবেশকে নারীই করেছে অনন্য। আর তাই, নারীকে কৃতজ্ঞতা জানানোর এই দিনে নতুন করে নতুন স্লোগান নিয়ে এসেছে সবাই। ‘বিশ্ব নারী দিবস-২০১৯’-এর স্লোগান ‘Think equal, build smart, innovate for changeʼʼ। নতুন কিছু গড়ার লক্ষ্য নিয়ে, সমতার ভিত্তিতে পরিবর্তন আনাই এই সেøাগানের লক্ষ্য। বিশেষ করে এই সমতা ও উদ্ভাবনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা প্রক্রিয়াকে জোরদার করা, জনসেবাকে সবার কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কাঠামোকে নিশ্চিত করাই এবারের নারী দিবসের উদ্দেশ্য।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি জোরদার ও সফল করে তুলতে প্রয়োজন সবার মধ্যে নতুন সমাধান পাওয়ার জন্য একত্রিত চেষ্টা ও পরিবর্তনের মনোভাব। বিশেষ করে, লিঙ্গবৈষম্য দূর করা এবং সব নারীর ক্ষমতায়ন করার ব্যাপারটি মোটেও খুব একটা সহজ কাজ নয়। বর্তমানে যে প্রক্রিয়া চলছে, তাতে করে ২০৩০-এর মধ্যে পৃথিবীতে ৫০-৫০ সমতা আনা মোটেও সম্ভব নয়। আর এজন্যই নতুন সব উদ্ভাবনের দিকে জোর দেওয়া হচ্ছে এখন থেকে। যাতে করে, এই লক্ষ্যে পৌঁছানোর পথে যে বাধাগুলো রয়েছে, সেগুলো সহজেই নতুন উপায়ে, নতুন চিন্তার মাধ্যমে পার হওয়া যায়। কোনো নারী যেন পেছনে পড়ে না থাকে, সেই চেষ্টাই করা হচ্ছে।
প্রযুক্তির দিক দিয়েও নারীরা পিছিয়ে আছে, এমনটাই দেখা যাচ্ছে বর্তমানে। নারীরা বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ইত্যাদি ক্ষেত্রে অবহেলিত হচ্ছে। প্রযুক্তি, সেটা মোবাইল ব্যাংকিং হোক কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নারীদের চিন্তা ও মতামত পুরোটাতেই বেশ বড় একটা প্রভাব রাখতে পারে। আমাদের পরবর্তী ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করে দেবে এই লক্ষ্যের সাফল্যই। এ বছর নারী দিবসে শিল্প খাতের নেতৃত্বদানকারী, স্টার্টআপের সফল উদ্যোক্তা, লিঙ্গবৈষম্য নিয়ে কাজ করা, নারী উদ্ভাবকসহ সমাজ, রাষ্ট্র ও সবগুলো খাতে অবদান রেখে যাওয়া নারীদের দেখানো হবে।
×
