আওয়ামী লীগের দু-পক্ষের সংঘর্ষে আহত ১৪

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৬:৩৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি জলাশয় ইজারার টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আহতরা হলেন সাখাওয়াত হোসেন (৩০), আলাতন শেখ (২৫), সাকিব মিয়া (২২), চঞ্চল মিয়া (৩৫), আইয়ুব আলী (২৬), মোয়াজ্জেম হোসেন (৪৮), সুইট মিয়া (২৫), রশিদ মিয়া (৪৬), হজরত আলী (৬০), সজল মিয়া (২৫), আউয়াল মিয়া (৪৪), মতিন মিয়া (৫০), আমিনুল ইসলাম (২৫) ও জাহিদুল ইসলাম (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার গোবিন্দগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২১ টি সরকারি জলাশয় ইজারার টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল।

দুপুরের দিকে টেন্ডার জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উপজেলা পরিষদের সামনের রাস্তার দুইদিকে দু-পক্ষ অবস্থান নিলে তাদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৪ জন আহত হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ার শেল  নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ বলেন, টেন্ডার প্রক্রিয়াটি বাতিল করা হয়েছে। পরে আবার নতুন করে টেন্ডার জমা নেওয়া হবে। মামলা দায়েরের বিষয়টি পুলিশ বলতে পারবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে কিনা পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত