বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে এক বছর করে কারাদ- দিয়েছে আদালত। একই অভিযোগে অন্য একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীতে এবং চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ব্রিজ সংলগ্ন নদীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই রায় দেয়। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীনুল ইসলামের নেতৃত্বে অন্য একটি দল অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন নৌপুলিশের সদস্যরা।
ইউএনও হুমায়ুন কবির জানান, চরকাউয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার সময় মো. রবিউল (১৮), মো. শামিন (১৯) ও মো. শামিমকে (১৮) আটকে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আমীনুল ইসলাম জানান, চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ব্রিজ সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. বাচ্চু (৩৫) নামে এক ব্যক্তিকে ড্রেজার মেশিনসহ আটকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
