লন্ডনপ্রবাসীর স্বামী ও গাড়িচালক উদ্ধার হননি

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:৩৬ পিএম

ব্যস্ত সড়কে অস্ত্র উঁচিয়ে গাড়ি ভেঙে লন্ডনপ্রবাসীর স্বামী ও গাড়িচালককে বের করে অপহরণের দুই দিন পার হলেও পুলিশ তাদের উদ্ধার করতে পারেনি।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দির অদূরে অপহরণের এ ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লতিফপুর গ্রামের মাওলানা মাহমুদ হোসাইনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মাইমুনের সঙ্গে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীধরাপাশা গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মাওলানা সালাউদ্দিন মনসুর এর মেয়ে সরিফা নুসরাত তাইবার বিয়ে হয় এক বছর আগে। তাইবা ও মাইমুনের পরিবার লন্ডনে বসবাস করে। মাইমুন দেশে শিক্ষকতা করেন। সম্প্রতি তাইবা দেশে আসেন।

গত মঙ্গলবার রাতে তারা মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নিয়ে রওনা হন। সাড়ে ১০টায় তারা আউশকান্দিতে সিএনজি স্টেশনে কারে (ঢাকা মেট্রো-গ ১২-২২৩৪)  গ্যাস ভরে কিছু দূর যাওয়ার পর একটি কালো গ্লাসধারী মাইক্রোবাস তাদের গতিরোধ করে।

এ সময় ৪-৫ জন অস্ত্রধারী যুবক প্রাইভেটকারটি ভাঙচুর করে তাইবার স্বামী মাইমুন ও চালক আব্দুর রহিমকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় লন্ডনপ্রবাসী তাইবা কৌশলে আউশকান্দি বাজারে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে তাইবাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ নবীগঞ্জ থানায় নিয়ে যায়।

পুলিশ আউশকান্দি সিএনজি স্টেশন থেকে ঘটনার ভিডিও চিত্র সংগ্রহ করেছে বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানিয়েছেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অপহৃতদের উদ্ধারে ইতিমধ্যে পুলিশ ও ডিবি মাঠে নেমেছে।

ওসি পারিবারিক সূত্র ধরে আরো জানান, মাইমুনের সঙ্গে তাইবার বিয়ে হোক এ ব্যাপারে মত ছিল না তাইবার ভাইয়ের।

ধারণা করা হচ্ছে, তাইবার ভাইয়ের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। তাইবাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ওসি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার পুলিশ একটি জিডি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত