চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধে তথ্যমন্ত্রীর হতাশা

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:২৯ এএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন হঠাৎ করে বার্তা বিভাগ বন্ধের ঘোষণা দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘হঠাৎ করে কোনো বিভাগ বন্ধ করে দেওয়া সমীচীন নয়।’ গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও তথ্য কমিশনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই টেলিভিশনগুলোতে যারা কাজ করে, সেই সাংবাদিকদের সুরক্ষা বজায় থাকুক। লক্ষ্য করছি, অনেক টেলিভিশনের আয় ও ব্যয়ের মধ্যে বিরাট ফারাক। তাদের আয় যাতে বাড়ে, আমাদের দেশের বিজ্ঞাপনগুলো যেন বিদেশে চলে না যায়, তা নিয়ে কাজ করছি। ধীরে ধীরে এ ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন। সেখানে যারা কাজ করে তাদের সংসার আছে, তাদের রুজির ব্যাপার আছে। কোনো কারণে যদি বন্ধ করতে হয়, নিয়ম অনুযায়ী তাদের কয়েক মাসের বেতন দিতে হয়।’

এ সময় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য সচিব আবদুল মালেক, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও নেপাল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত