নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বহুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’-এর নায়িকা মুনাকে (সুবর্ণা মুস্তাফা) সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নাটকের নায়ক বাকের ভাই (আসাদুজ্জামান নূর)। গতকাল বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় সুবর্ণা মুস্তাফাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আসাদুজ্জামান নূর।
মুনাকে নিয়ে বাকের ভাই স্পিকারের উদ্দেশে বলেন, ‘নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হয়। নিঃসঙ্গ নায়িকায় পরিণত হন মুনা। তবে আজ আর মুনা নিঃসঙ্গ নন। তিনি আজ এই সংসদে সাড়ে তিনশ সংসদ সদস্যের সঙ্গে বসে আছেন। বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলাম আমি, আপনার সামনে দাঁড়িয়ে আছি।’ নূর তার নিজের এবং শিল্পী সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যে ঘটনাটি ঘটল, হুমায়ূন আহমেদ তার নাটকে তা করতে পারেননি। বাস্তবে এটা সম্ভব হয়েছে। এই সুযোগটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
১৯৯৩ সালে বিটিভিতে প্রচারিত হতো হুমায়ূন আহমেদ রচিত বহুল জনপ্রিয় এ নাটকটি। নাটকের প্রধান চরিত্রে বাকের ভাই হিসেবে অভিনয় করেছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। নাটকটিতে বাকের ভাইয়ের নায়িকা ছিলেন সুবর্ণা মুস্তাফা ওরফে মুনা। নাটকের শেষের দিকে বাকের ভাইয়ের ফাঁসি হয়। পর্দায় ফাঁসির ঘটনা ঘটলেও নাটকটি এতই জনপ্রিয় ছিল যে, বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে সে সময় রীতিমতো রাস্তায় আন্দোলনে নেমেছিলেন দর্শকরা।
