চুড়িহাট্টার পুনরাবৃত্তি চাই না : ফায়ার ডিজি

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১১:০২ পিএম

অসতর্কতা ও অব্যবস্থার কারণেই চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড- হয়েছে। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।

বৃহস্পতিবার পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে ‘অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় এসব তথ্য জানান।

কেমিক্যাল ব্যবসায়ীদের পর্যাপ্ত প্রশিক্ষণ, পর্যাপ্ত পানির উৎস (হাইড্রেন্ট পয়েন্ট) স্থাপন ও ছোট ছোট ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান (অব.)।

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজি আবদুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ, আয়োজক সংগঠনের পরিচালক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মাসুদ, এফবিসিসিআই এর পরিচালক হাফেজ মো. হারুন।

আলোচনা সভায় রাসায়নিক দ্রব্যের দুই শতাধিক ব্যবসায়ী অংশ নেন। সভায় অতি দাহ্য রাসায়নিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার বিষয়ে পরামর্শ  দেন মেজর শাকিল নেওয়াজ।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, রাসায়নিক যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভয়ংকর। ফলে ছোট আগুনও বড় আকার ধারণ করতে পারে। এ জন্য রাসায়নিক পণ্যের ব্যবসায়ীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পুরান ঢাকায় পর্যাপ্ত হাইড্রেন্ট পয়েন্ট ও ছোট ছোট ফায়ার স্টেশন স্থাপন করা হবে।

রাসায়নিক কারখানা সরানোর আগ পর্যন্ত ব্যবসা করার লাইসেন্স দেওয়া হবে কিনা ব্যবসায়ীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সমন্বিত উদ্যোগ। আমরা শুধু ফায়ার সেফটির বিষয়ে জোর দিতে চাই।

এফবিসিসিআই পরিচালক হাফেজ মো. হারুন বলেন, কেমিক্যাল ব্যবসায়ীদের স্থানান্তরের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যাবো কোথায় সেটি বলা হচ্ছে না। আমাদের যদি কারখানা স্থানান্তরের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অবশ্যই যাবো। আমাদের শত বছরের ঐতিহ্যের কথা ভেবে এখানেই ব্যবসা করতে দিতে হবে।

আরিফ হোসেন মাসুদ বলেন, চুড়িহাট্টার আগুন রাসায়নিক থেকে নয় বরং রাসায়নিক দিয়ে তৈরি পণ্য থেকে হয়েছে। তাহলে রাসায়নিকের দোষ কি? বর্তমানে বৈধ ২৯ প্রকার কেমিক্যাল দিয়েই ব্যবসা করা হচ্ছে। এর বাইরে যদি কেউ অন্য দাহ্য কেমিক্যালের ব্যবসা করে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সাধারণ ব্যবসায়ীদের কেন হয়রানি করা হচ্ছে। আমরা একটি নীতিমালা চাই। যেটি মেনে যেন পুরান ঢাকাতেই ব্যবসা করতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত