সৌদিকে ভর্ৎসনা ইইউর

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১১:৪৫ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৮টিসহ কমপক্ষে ৩৬ রাষ্ট্র সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির নিন্দা জানিয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে তারা এ উদ্যোগ নেয় বলে কূটনীতিকরা জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী ইইউভুক্ত একটি রাষ্ট্রের দূত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারা ইউরোপের জন্য একটি সাফল্য।’

২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে ভর্ৎসনা করা হলো সৌদিকে। বিবৃতিতে থাকা বাক্যগুলো পড়ে শোনান জেনেভা আলোচনায় অংশ নেওয়া আইসল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারাল্ড অ্যাসপেলান্ড। এতে সৌদিতে আটক অধিকারকর্মীদের মুক্তির আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত দলকে সহায়তা করতে সৌদিকে তাগিদ দেওয়া হয়।

এর আগে গত বুধবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট বন্দি অবস্থায় ‘নির্যাতনের শিকার হওয়া’ নারী অধিকারকর্মীদের ছেড়ে দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত