ডেল্টা প্ল্যান বা ব-দ্বীপ পরিকল্পনার প্রতিটি খাত বা ইউনিটভেদে পৃথক মাস্টারপ্ল্যান থাকা প্রয়োজন। এ ছাড়া এর সঠিক বাস্তবায়নে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ব-দ্বীপ পরিকল্পনা বিষয়ক এক সেমিনারে বিশিষ্টজনরা এ অভিমত তুলে ধরেন।
আইবিএফবির সভাপতি হুমায়ুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল এইচ খন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মু. সেলিম উদ্দিন, জাতীয় নদী সুরক্ষা কমিশনের সদস্য ড. মালিক ফিদা এ খান, আইবিএফবির সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সিইও ড. মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ও সরকারের সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মু. সেলিম উদ্দিন বলেন, ডেল্টা প্ল্যানের প্রতিটি সেক্টর বা ইউনিটভেদে বিস্তারিত পরিকল্পনা সমন্বয়ে একটি মাস্টারপ্ল্যান থাকা দরকার। এর সঠিক বাস্তবায়নের জন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় হওয়া প্রয়োজন। অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ডেল্টা প্ল্যানকে আরও যুগোপযোগী করার জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা যেমন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি প্ল্যান ইত্যাদির সঙ্গে এটিকে সমন্বয় করে এর বাস্তবায়ন করতে হবে।
