সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিশ^াসবাড়ি গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত কবির উদ্দিন (৬০) ওই গ্রামের মৃত আদিল উদ্দিন সরকারের ছেলে। গতকাল শুক্রবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কবির সরকারের জমির পাশে একই গ্রামের মৃত পর্বত সরকারের ছেলে মঈন উদ্দিন সরকার নিজ জমিতে এক্সকেভেটর দিয়ে পুকুর খনন করছিলেন। খননের ফলে কবির উদ্দিনের জমির মাটি ভেঙে পড়তে থাকে। ফলে বুধবার সন্ধ্যায় পুকুর খননে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মঈন উদ্দিন ও তার লোকজন কবির উদ্দিনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
×
