হিলি স্থলবন্দর পেঁয়াজের দাম বেড়েছে

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১১:০৭ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে তিন টাকা। একসপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১১ থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে এখন তা বেড়ে ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে আগে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। ইন্দোর জাতের পেঁয়াজ একদিন আগে ১১ টাকা ও নাসিক জাতের পেঁয়াজ ১২টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বেড়ে প্রকারভেদে ১৪ টাকা থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  হিলি বাজার ঘুরে দেখা গেছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বেড়ে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজের দাম খানিকটা বেড়ে ২০ টাকা থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজ দু থেকে তিন টাকা কমে বিক্রি হয়েছিল। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, গত সপ্তাহে দুই থেকে তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেননি। এছাড়াও দেশের অনেক স্থানে শিলাবৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। এতে করে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় খানিকটা কমার কারণে দামও খানিকটা বেড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত