‘আলেমদের নিয়ে কটূক্তি’

মেননের বক্তব্য প্রত্যাহারে হেফাজতের আল্টিমেটাম

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৩:৩৯ এএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সংসদে কওমি মাদ্রাসার আলেমদের নিয়ে কটূক্তি করেছেন অভিযোগ তুলে তার বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে এক সমাবেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন  সংগঠনটির  মহাসচিব  মাওলানা  জুনায়েদ  বাবুনগরী। এদিকে গতকাল সিলেটে মেননের বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম ও মাদানী কাফেলা। জুনায়েদ বাবুনগরী বলেন, ‘এ দেশে কওমি মাদ্রাসা সাধারণ মুসলমানদের মধ্যে দীনের বিশাল অবদান রেখে যাচ্ছে। দেশকে সঠিক পথে পরিচালিত করতে এবং অন্যায়মুক্ত দেশ গড়তে অবদান রাখছেন

আলেমরা। তাদের নিয়ে ধৃষ্টতা দেখানোর সাহস মেননরা কীভাবে পান? আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধ করছি। না হলে এ দেশের তাওহিদি জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

হেফাজত মহাসচিব বলেন, শাহরিয়ার কবিরসহ মেননের মতো আরও যারা নাস্তিক আছে, তাদের কাউকে ছাড়া হবে না। মেননকে সংসদ থেকে বের করা না হলে উলামায়ে কেরাম ও ইসলামী জনতা কঠোর অবস্থানে যাবে। আহমাদিয়া মুসলিম জামায়াতের পক্ষে কথা বলে মেনন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন মন্তব্য করে বাবুনগরী বলেন, ‘রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা ও মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। মেনন-ইনুদেরকে এ দেশের মাটি গ্রহণ করবে না।’

মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল রব ইউসুফী ও মাওলানা আবুল হাসানাত আমিনী বক্তব্য দেন।

সিলেটে বিক্ষোভ :  রাশেদ খান মেননের বক্তব্য প্রত্যাহারের দাবিতে শুক্রবার সিলেটে হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম ও মাদানী কাফেলা বিক্ষোভ মিছিল ও সভা করেছে। সভায় বক্তারা বলেন, রাশেদ খান মেনন জাতীয় সংসদে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষ, উলামা-মাশায়েখদের রাজনীতিকে মোল্লাতন্ত্র’ বলে কটাক্ষ করেছেন।

নগরীর কোর্ট পয়েন্টে মাসুক আহমদ সালামির সভাপতিত্বে হেফাজতে ইসলামের সমাবেশে ফয়জুল হক জালালাবাদী, মনসুরুল হাসান রায়পুরী, আবদুল মতিন ধনপুরী, আবদুল মালিক চৌধুরী, আসলাম রাহমানী, শায়েখ আবদুর রহমান, জুহুরুল হক, একরামুল হক, তোফায়েল আহমদ ওসমানী, হাফিজুর রহমান, সালেহ আহমদ শাহবাগী, মামুন ইকরা ও রুহুল আমিন প্রমুখ।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিবাদ সভায় সিলেট জেলা সভাপতি জিয়া উদ্দিন, মহানগর সভাপতি খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান ও মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান বক্তব্য দেন। মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক সালেহ আহমদ শাহবাগীর সভাপতিত্বে ও শাহীদ আহমদ হাতিমীর পরিচালনায় খলিলুর রহমান, একরামুল আজিজ, মতিউর রহমান, ফয়ছল আহমদ ও সৈয়দ সোয়াইব আহমদ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত