ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিহত রিতার (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হাশেম (২১) মিয়াকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস আগে নবীনগর উপজেলার বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেমের সঙ্গে একই উপজেলার ধোপাকান্দা গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিতার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহের শুরু হয়। এ কলহের জেরে শুক্রবার রাতে রিতাকে শ্বাসরোধ করে হত্যা করেন হাশেম।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
