সৃজনশীল সাহিত্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং মননশীল সাহিত্যে প্রাবন্ধিক আবুল মোমেন পেয়েছেন ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ২০১৮’। এ ছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে দেওয়া হয় আজীবন সম্মাননা পদক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শনিবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।
এ ছাড়া জুরি বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও শামসুজ্জামান খান। সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “আমি যখন যা করেছি, মনের আনন্দে করেছি। কোনো কিছু পাওয়ার আশায় কোনো কাজ করিনি। যেখানে যেতে ইচ্ছা করেছে, গিয়েছি। যা করতে মন চেয়েছে, করেছি। তবে কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়ে গৌরব বোধ করছি।”
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “এই গুণীজনের সমাবেশের মাঝে নিজেকে দেখতে পেয়ে ভালো লাগছে। এই মুহূর্তটি আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে।”
পুরস্কার ও সম্মাননা প্রদানের পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
