নৌকার অফিসে আগুন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১১:১৮ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় নৌকা প্রতীকের অফিসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলোয়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিক বলেন, নৌকার পক্ষে ব্যাপক সাড়া পড়ায় নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সেখানে শেখ হাসিনার ছবি-সংবলিত পোস্টার পোড়ানো হয়েছে। আর এই কাজ আওয়ামী লীগের প্রতিপক্ষ দোয়াত-কলম প্রতীকের লোকজন করেছে বলে তিনি দাবি করেন। শনিবার বেলোয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া নৌকার অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক নেয়ামুল আলম। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত