দেশে কিডনি রোগী ২ কোটি, চিকিৎসা পাচ্ছে ২০ লাখ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৩৭ এএম

দেশে বর্তমানে দুই কোটিরও বেশি মানুষ কোনো না কোনো ধরনের কিডনির রোগে আক্রান্ত। কিন্তু চিকিৎসা ব্যবস্থা ব্যয়বহুল হওয়ায় মাত্র ১০ শতাংশ (প্রায় ২০ লাখ) রোগী চিকিৎসা নিতে পারছেন। কিডনি দিবস উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কিডনি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য জানান।

বৈঠকে বক্তারা বলেন, দেশে পুরুষের চেয়ে নারীরা কিডনি রোগে বেশি আক্রান্ত। অথচ একটু সচেতন হলে  ৫০-৬০ শতাংশ রোগীর কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সরকারি-বেসরকারি সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, এখন দেশেই কিডনি রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সম্ভব।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এইচ আর হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাম্পসের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিআরবি হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. এম এ সামাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত