ভোটের আগে পুলওয়ামার মতো আরও হামলা: রাজ ঠাকরে

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১১:৩৮ এএম

ভারতের লোকসভা নির্বাচনের আগে ‘পুলওয়ামার মতো’ বড় ধরনের আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে।

দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সমাবেশে তিনি এমন আশঙ্কা ব্যক্ত করেন বলে জানায় এনডিটিভি।

রাজ ঠাকরে বলেন, “আমার কথাটা লিখে রাখেন- লোকসভা নির্বাচনের সময় আগামী দুই মাসের মধ্যে পুলওয়ামার মতো আরও হামলার আয়োজন করা হবে। এর উদ্দেশ্য হলো- সমস্যা থেকে জনগণের মনযোগ দেশপ্রেমের দিকে সরিয়ে নেওয়া।”

এর কারণ হিসেবে এমএনএস সভাপতি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি-বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির ইস্যুসহ তাদের সব নীতি বাস্তবায়নে ‘চরমভাবে ব্যর্থ হয়েছেন’।

গত ১৪ ফেব্রুয়ারি অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক।

এঘটনায় গোটা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ দায় স্বীকার করলেও ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তানের দাবি, জাতীয় নির্বাচনে সুবিধা পেতে ভারতের ক্ষমতাসীনরাই এমন ঘটনা ঘটিয়েছে।

হামলাকে পুঁজি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি লোকসভা নির্বাচনের বৈতরণি পার হতে চান বলে অভিযোগ দেশটির বিরোধী দলগুলোরও। তবে তারা পাকিস্তানের সুরে কথা বলছেন বলে পাল্টা তোপ দাগেন মোদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত