মতবিনিময় সভায় হাবিব

ঈশ্বরদী থেকেই সরকার পতনের আন্দোলন শুরু

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১০:২০ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, পাবনার ঈশ্বরদী থেকেই বর্তমান সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। এজন্য নতুন করে বিএনপির সব পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হবে। গতকাল রবিবার বিকেলে উপজেলার সাহাপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিব এসব কথা বলেন।

হাবিব বলেন, ‘যারা বিএনপির সাথে বেইমানি করেছে, তাদের চিহ্নিত করে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। যারা গ্রুপিংয়ের নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের ছবি পুড়িয়ে এবং তাদের দেওয়া প্রার্থীর বিরুদ্ধে ঝাড়– মিছিল করে উল্লাস করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে তারেক রহমানের সাথে ওয়াদা করে এসে যারা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সাথে আঁতাত করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী অল্প দিনের মধ্যেই ঈশ্বরদীতেও বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।’ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সাংসদ আবদুল বারী সরদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত