ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউন এলাকায় আমপাতা রেস্টুরেন্টের সামনে আনার ফলের ভেতর থেকে চার হাজারসহ আট হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী ও তার ধর্মের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন এলাকায় আমপাতা রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। ওই সময় কুমিল্লা থেকে আসা খুকি বেগম (৫৫) আমপাতা রেস্টুরেন্টের সামনে তার ধর্মের ছেলে শাহ আলমের জন্য একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছিলেন। শাহ আলম ওই ব্যাগ নিতে গেলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে তাদের সঙ্গে থাকা ওই ব্যাগ তল্লাশি করে দুটি আনার ফল পাওয়া যায়। এ ফল দুটির ভেতরে বিশেষ কৌশলে দুই হাজার করে চার হাজারটি ইয়াবা রাখা ছিল। এছাড়া আলাদা আরও চারটি প্যাকেটে এক হাজার করে চার হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত খুকি কুমিল্লা সদর দক্ষিণ থানার জাম্মুরা গ্রামের ফজলুল হকের স্ত্রী। আর শাহ আলম সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃত শাহ আলমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা রয়েছে। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
