ঝালকাঠির রাজাপুরে মো. মোদাচ্ছের হাওলাদার (৬৫) নামে এক হতদরিদ্র বৃদ্ধ টাকার অভাবে চিকিৎসা করাতে পেরে রোগ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।
রবিবার সকাল ১০টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকায় নিজ বাড়ির পাশে একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোদাচ্ছের একই এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মোদাচ্ছের দীর্ঘদিন ধরে পাকস্থলীতে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। দারিদ্র্যের কারণে পরিবার থেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। তিনি পেট ব্যথার কারণে মাঝেমধ্যে পাগলের মতো আচরণ করতেন। অসুস্থতার কারণে ও চিকিৎসার অভাবে হতাশা থেকে তিনি গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নিহতের ছেলে আবু সালেহ জানায়, ‘শনিবার রাতের খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়ে। সকালে আব্বাকে বিছানায় না পেয়ে আশপাশে খুঁজতে থাকি। পরে বাড়ির পূর্বদিকে একটি আম গাছের সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
মোদাচ্ছের হাওলাদারের চাচাতো ভাই সাবেক পুলিশ সদস্য আবদুল বারেক হাওলাদার বলেন, মোদাচ্ছের আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। দিনমজুর ছেলে হতদরিদ্র হওয়ায় ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। সেই হতাশা থেকেই মোদাচ্ছের মানসিকভাবে অসুস্থ ছিল।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলেও লাশের ময়নাতদন্ত হবে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
