লৌহজং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বাড়িতে বিআরটিসির একটি বাস ঢুকে গেলে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার চান্দেরবাড়ি এলাকায় রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার হলদিয়া গ্রামের রহমান শেখ (৬৫) ও পরশ আলী দেওয়ান (৬০)।
লৌহজং থানার এসআই বায়েজীদ জানান, মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসির বাসটি চান্দেরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান রহমান।
তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরশ নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
