স্বাধীনতার পর ৭ ডাকসুর একটিতেও জয় পায়নি ক্ষমতাসীনরা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০২:৪১ এএম

ডাকসুর ইতিহাস থেকে জানা গেছে, দেশ স্বাধীনের পর মোট সাতবার ডাকসু নির্বাচন হয়েছে। কিন্তু এ নির্বাচনে কোনোবারই ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলো জয়লাভ করেনি। এমনকি ১৯৭০ সালের ডাকসু নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় ছাত্রলীগের কোনো নেতা ডাকসু নির্বাচনে জয় পাননি।

তথ্যমতে, স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচন হয় ১৯৭২ সালে। তখন ক্ষমতায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ডাকসুর ভিপি নির্বাচিত হন ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম। অন্যদিকে জিএস হন একই সংগঠনের মাহবুবুর রহমান জামান। ১৯৭৩ সালের নির্বাচন ভ-ুল হয়ে গিয়েছিল। ১৯৭৯, ’৮০ ও ’৮২ সালে ডাকসু নির্বাচন হয়েছিল। প্রথম দুই নির্বাচনে যথাক্রমে জাসদ-ছাত্রলীগের এবং বাসদ-ছাত্রলীগের প্রার্থী হয়ে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জিতেছিলেন মাহমুদুর রহমান মান্না ও আখতারুজ্জামান। আওয়ামী লীগ, বিএনপি কিংবা হুসেইন মুহম্মদ এরশাদ সমর্থিত কোনো নেতা ওই সময় জয় পাননি।

১৯৮২ সালের নির্বাচনে জয়ী হয়ে ১৯৮৯ পর্যন্ত ভিপি ও জিএস পদে যথাক্রমে দায়িত্ব পালন করেন আখতারুজ্জামান ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও ১৯৮৯-৯০ সেশনে ছাত্রলীগ থেকে ভিপি পদে নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদ পান মুশতাক আহমেদ। ১৯৯০ সালের নির্বাচনে জয়ী হয়ে ১৯৯০-৯১ সেশনের জন্য ভিপি ও জিএস পদে যথাক্রমে নির্বাচিত হন ছাত্রদলের আমানউল্লাহ আমান ও খায়রুল কবির খোকন; যদিও সে সময় তাদের মূল দল বিএনপি ক্ষমতাসীন ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত