নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়েছেন। গতকাল রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনীপ্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনীপ্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রীকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নৌবাহিনীপ্রধান।
