বিয়ের আসরে টলমল পা। কথায় নেই লাগাম। হবু বরের এমন কাণ্ড দেখে প্রতিবাদে সরব ভারতের বিহারের কনে। শেষ পর্যন্ত বিয়েটাই ভেঙে দিয়েছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, শনিবার বিহারের ছপরা জেলার তরৈয়া থানার ডুমরি ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে। কনে রিঙ্কি কুমারী রীতিমতো অপমান করে তাড়িয়ে দিয়েছেন পাত্র বাবলু কুমারকে।
রিঙ্কির বাবা ত্রিভুবন শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘পাত্র একদম মাতাল ছিল। আশপাশে কী চলছে, কিছুই বুঝতে পারছিল না। যার কারণে আমার মেয়ে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।’
বিয়েতে উপস্থিত অতিথিদের অভিযোগ, বাবলু মন্ত্রই পড়তে পারছিল না। তাকে এভাবে দেখে রেগে যায় রিঙ্কি।
দুইপক্ষের লোকজন প্রাথমিকভাবে রিঙ্কিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।
২০১৬ সাল থেকে বিহারে প্রকাশ্যে মদ বিক্রি এবং পান করা নিষিদ্ধ। তবু লোকচক্ষুর আড়ালে এসব দিনের পর দিন চলে আসছে। জানুয়ারিতেও এক বিয়ে বাড়িতে এমন কাণ্ড ঘটে।
পাত্র বাবলু অত সহজে ছাড়া পাননি। বিয়ে উপলক্ষে কনের বাড়ি থেকে যত উপহার দেওয়া হয়, সবটাই ফেরত রাখা হয়।
