বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের এন্ট্রি ভিসা নিয়ে গত বছর নতুন সিদ্ধান্ত আসে সংযুক্ত আরব আমিরাত। সোমবার নতুন এ কাঠামো পেল মন্ত্রিসভার অনুমোদন।
খালিজ টাইমস জানায়, এর মাধ্যমে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও উদ্ভাবকদের বসবাসের অনুমতি সংক্রান্ত একটি কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে।
এ দিকে এক টুইট বার্তায় দুবাই মিডিয়া অফিসের পক্ষ থেকে বলা হয়, আরব আমিরাতের আবাসিক অধিদপ্তর আবেদনপত্র গ্রহণ শুরু করবে। দেশটি সব সময় মেধাবীদের সঙ্গে রয়েছে, এটা চলতে থাকবে।
২০১৮ সালের নভেম্বরে বিনিয়োগকারী ও পেশাজীবীদের দীর্ঘমেয়াদি ভিসার দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয় দেশটিতে। এর মাধ্যমে ১০ বছরের আবাসিক ভিসার আবেদন মঞ্জুর করা হবে।
বিশেষ করে চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিগত ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হবে। এ সুবিধার আওতার মধ্যে রয়েছে সব ধরনের বিজ্ঞানী ও বিনিয়োগকারী। পাঁচ বছরের আবাসিক ভিসা দেওয়া হবে সে দেশে পাঠরত শিক্ষার্থীদের, বিশেষ প্রতিভাধর শিক্ষার্থীদের জন্যও থাকছে দশ বছরের আবাসিক ভিসার সুবিধা।
এ ছাড়া সোমবার মন্ত্রিসভার ওই বৈঠকে দেশটির জাতীয় মহাকাশ কৌশল ২০৩০ অনুমোদন করা হয়।
