রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা ১২টায় ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। গত রবিবার তানোর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না ওয়ার্কার্স পার্টির প্রার্থী শরিফুল ইসলামকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা। তিনি বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে তানোরে হাতুড়ি প্রতীক নিয়ে শরিফুল ইসলাম চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি প্রথম থেকেই ভোটে এগিয়ে ছিলেন। প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত হলে তারা কলমা ইউনিয়নের ভোটে কারচুপি করে।
সংবাদ সম্মেলনে ‘কারচুপির’ ভোট বাতিল করে আবার পূর্ণাঙ্গ ভোটের দাবি জানানো হয়। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ওয়ার্কার্স পার্টির নেতারা।
