ফরিদপুরের বোয়ালমারীতে প্রতারক চক্রের সদস্য সন্দেহে মো. লিয়াকত হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৮ ফরিদপুরের উপপরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন জানান, লিয়াকত হোসেন দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নিজেকে কখনো পুলিশ কর্মকর্তা, কখনো সেনা কর্মকর্তা, কখনো ব্যাংকার, কখনো সাংবাদিক আবার কখনো বা একমি কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে আসছিল।
আটককৃত লিয়াকত সরকারি ও বেসরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া লিখিত পরীক্ষাসহ মৌখিক ভাইভা বোর্ড বসিয়ে বিভিন্ন ধরনের নকল সিল মোহর ও কাগজপত্র তৈরিসহ ভুয়া নিয়োগপত্র প্রদান করে সাধারণ মানুষের কাছে থেকে প্রতারিত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। লিয়াকতের কাছ থেকে প্রতারণার শিকার তিন তরুণ র্যাব কার্যালয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন বলেন জানান ওই র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, এ অভিযোগ গুলো তদন্ত কার্যক্রম পরিচালনা করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সোমবার ভোরে র্যাব ফেলাননগর গ্রাম হতে ওই ব্যক্তিকে আটক করে।
আটকের সময় লিয়াকত হোসেনের বাড়ি থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ভুয়া চাকরির নিয়োগপত্র, ভুয়া সিল ও স্ট্যাম্প প্যাড, ভুয়া স্ট্যাম্প এবং বিপুল পরিমাণ চাকরি প্রত্যাশিত ব্যক্তিদের আবেদনপত্র জব্দ করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, এ ব্যাপারে লিয়াকতের মাধ্যমে প্রতারিত বোয়ালমারীর তুহিন শেখ বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
