‘উত্তরা গণভবন’ কে জাতীয় ঐতিহ্য ঘোষণা কেন নয়: হাইকোর্ট

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১০:৪৭ পিএম

নাটোরের ঐতিহ্যবাহী ‘উত্তরা গণভবন’ কে জাতীয় ঐতিহ্য হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

পাশাপাশি বৃহৎ সংস্কারের নামে উত্তরা গণভবনের মূল নকশার পরিবর্তন করতে নতুন প্রকল্পের উদ্যোগ কেন অবৈধ ঘোষণা করা  হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এ সংক্রান্তে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নাটোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ফারজানা শারমিন পুতুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘উত্তরা গণভবনের মূল নকশা ও স্থাপনা কেন সংরক্ষণ ও অক্ষুণ্ন রাখা হবে না এবং ঐতিহাসিক এই ভবনকে কেন জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারি করেছেন আদালত।’

পর্যটন সুবিধা বাড়ানোর নামে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন নাটোরের ঐতিহ্যবাহী ‘উত্তরা গণভবন’এর মূলনকশার পরিবর্তন করে নতুন স্থাপনা নির্মাণ উদ্যোগের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।

গত ৭ মার্চ একটি দৈনিকে ‘উত্তরা  গণভবন: ঐতিহ্যে কুঠারাঘাত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, উত্তরা গণভবনের ভেতর ও বাইরে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

পর্যটন সুবিধা বাড়ানোর নামে বিখ্যাত রাজা দয়ারাম রায়ের শাসনামল, মহান  মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এ স্থানে নতুন ভবন নির্মাণ করা হলে কয়েকশ’ বছরের ঐতিহ্যে আঘাত আসবে বলে মন্তব্য করে স্থানীয় সুধীমহল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত