জয়পুরহাটের পাঁচবিবিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরিনা (৪০) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বামী সানোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত রবিবার মধ্যরাতে উপজেলার মহিপুর (ধারাইপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেরিনার ছোট ভাই রবিউল ইসলাম জানান, রবিবার মধ্যরাতে সানোয়ার হোসেন বাড়ি ফিরে দেখতে পায় বাড়ির দরজার সামনে স্ত্রী মেরিনা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তবে তার স্বজনরা জানান, নিহত মেরিনা দাদন ব্যবসা করত। বর্তমানে ১৫ থেকে ২০ লক্ষ টাকা বিভিন্ন ব্যক্তির কাছে লগ্নি করা আছে। তাদের ধারণা টাকা লেনদেনের জের ধরে এই হত্যাকা- ঘটে থাকতে পারে। পাঁচবিবি থানার ওসি বজলার রহমান দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ চলছে।
