ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চান। তিনি গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এ সময় তিনি বলেন, ‘গত ৫ বছরে আমি সবার সহযোগিতায় সফলভাবে কাজ করেছি। আগামী নির্বাচনে খালি মাঠে গোল দিতে চাই না। আমি চাই নির্বাচন অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক।’ এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহসভাপতি পৌর মেয়র নায়ার কবীর, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, তথ্য গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা ও কার্যকরী সদস্য তাসলিমা সুলতানা খানম নিশাত।
উল্লেখ্য, সদর উপজেলায় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, লায়ন ফিরোজুর রহমান ওলিও।
