ফরিদপুরে শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১১:০৮ পিএম

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন জেলার আটটি উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা রোকসানা রহমান, নওয়াবুল ইসলাম প্রমুখ। এ সময় ফরিদপুর জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভাঙ্গা উপজেলার স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি ভঙ্গের অভিযোগ তুলে বলেন, তফসিল ঘোষণার পরে কীভাবে ইসির আদেশ অমান্য করে সাংসদ নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। ফরিদপুর-২ আসনের সাংসদ ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরীর বিরুদ্ধে সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে ভোট চাওয়ার বিষয়ে অভিযোগ উপস্থাপন করেন সালথা ও নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

জেলা প্রশাসক উম্মে সালমা বলেন, আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র হবে নিরাপদ স্থান। তিনি বলেন, যে কোনো মূল্যে প্রশাসনের সকল বিভাগ থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত