সাবেক সাংসদকে ছাড়, দেবেন না ‘বিদ্রোহীরা’,

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১১:১০ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য। তাকে পরাজিত করে আবার চেয়ারে বসতে চান দলের ‘বিদ্রোহী’ সাবেক উপজেলা চেয়ারম্যান। এই প্রতিযোগিতায় রয়েছেন দলের সাবেক ইউপি চেয়ারম্যান। প্রার্থী দেওয়া হয়েছে জাতীয় পার্টি থেকেও। রাজনৈতিক মাঠের প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করায় সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহের কমতি রয়েছে। তবে একই পদে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় ভোট নিয়ে উত্তেজনা ক্রমেই ঘনীভূত হচ্ছে।

বীরগঞ্জে নৌকা প্রতীক পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। তাকে চ্যালেঞ্জ করে দলের বিদ্রোহী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম বাবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের আরেক বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দীনেশ চন্দ্র মহন্ত দোয়াত-কলম প্রতীকে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। সাবেক সংসদ সদস্যকে ছাড় দিতে নারাজ এই দুই বিদ্রোহী প্রার্থী। এখানে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির প্রার্থী আবদুল মান্নান।

নৌকার প্রার্থী আমিনুল ইসলাম তার সমর্থক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায়, হাট-বাজারে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে বিদ্রোহী প্রার্থীরা তাদের সমর্থনে বিভিন্ন ধরনের গান ও সংগীত পরিবেশনের মাধ্যমে প্রচারে মাঠ মুখরিত রেখেছেন। নিজের পক্ষে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারাও। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ক্ষমতাসীন দল মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ও দল আমাকে নৌকা মার্কা দিয়ে প্রার্থী করেছেন। সাধারণ মানুষ আমাকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছেন।’ নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমার জয় হবে। আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি এবং আগামীতেও কাজ করে যেতে চাই। আশা করি ১৮ মার্চের নির্বাচনের ফলাফল জনগণের চাওয়া-পাওয়ার বহিঃপ্রকাশ ঘটাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত