নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০২:১৩ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামী ফারুক মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। অপর আসামি শাশুড়ি মাজেদা ওরফে ঠান্ডি বেগমকে খালাস দেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা।

দণ্ডপ্রাপ্ত ফারুক পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ তালডোয়ার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বিয়ের কয়েক মাসের মধ্যেই গত ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ভোরে ফারুক মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রী লাভলী আক্তারকে হত্যা করেন। রাতেই লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। পরদিন সকালে লাভলীর বাবা জয়নাল আবেদীন খবর পেয়ে পুলিশ নিয়ে লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় লাভলীর বাবা বাদী হয়ে ফারুক ও তার মাসহ মোট ৫ জনকে আসামি করে ২ সেপ্টেম্বর পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ ফারুক মিয়া ও তার মাকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ফারুক মিয়ার অনুপস্থিতিতে আদালত এই রায় প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত