বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের জানালার গ্রিল কেটে চুরি করে নিয়ে যাওয়া আড়াই মাস বয়সী শিশুটিকে দুই দিন পরও উদ্ধার করা যায়নি। তবে পুলিশ এঘটনায় জড়িতদের শনাক্ত করে পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
গত রোববার দিবাগত রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনয়নের বিশারীঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের বাড়ির জানালার গ্রিল কেটে তার ছেলে আব্দুল্লাহকে বিছানা থেকে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দুই দিন পার হলেও আড়াই মাস বয়সী শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শিশু চুরি ও মুক্তিপণ দাবির ঘটনায় শিশুটির বাবা দলিল লেখক সোহাগ হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
এদিকে, মুক্তিপণের দাবিতে চুরি যাওয়া শিশু আব্দুল্লাহকে উদ্ধার করতে না পারলেও শিশু চুরি ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি- অপহরণকারীদের মূল হোতা নিশানবাড়িয়া গ্রামের মোয়াজ্জেম চাপরাশির ছেলে হৃদয় চাপরাশি।
মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ হৃদয়ের মা, ভাই, বোন স্ত্রীসহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চুরি যাওয়া একটি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া, হৃদয়ের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু চেতনানাশক স্প্রে, গ্যাস কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- হৃদয়ের মা নাছিমা বেগম (৫২), বোন আবির আক্তার (১৪), হৃদয়ের চাচাতো ভাই সোবাহান চাপরাশির ছেলে মহিউদ্দিন চাপরাশি (৩৫) ও রশিদ চাপরাশির ছেলে ফায়জুল চাপরাশি (২৫), রুবেল (৩০)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শিশুটিকে চুরি করে মুক্তিপণের দাবি করার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আমরা চিহ্নিত করতে পেরেছি। অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চুরি যাওয়া মোবাইল ফোনসেটটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত শিশুটিকে উদ্ধার করতে আমাদের একাধিক দল মাঠে কাজ করছে।
