ভৈরবে যুবদলের সম্পাদক বহিষ্কার

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১১:১২ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১১ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। চিঠির অনুলিপি বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে। আল মামুন ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানতে চাইলে আল মামুন ই-মেইলে মঙ্গলবার বহিষ্কারের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এলাকাবাসী ও জনগণের অনুরোধে এবার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত