কুমিল্লা ও পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১২:৪২ এএম

কুমিল্লা নগরীতে সড়কের দুপাশের ও পঞ্চগড়ে রেলের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর :

কুমিল্লা : জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করেছে। সকাল ১০টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ফুটপাত ও অবৈধ স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হস সাক্কুর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা অনুপ বড়–য়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলহি। নগরীর পুলিশ লাইন, বাদুড়তলা, কান্দিরপাড়, লাকসাম রোড ও টমসম ব্রিজ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা এ সময় ভেঙে ফেলা হয় এবং সড়কের দুই পাশের ফুটপাতের বিভিন্ন দোকান সরিয়ে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

পঞ্চগড় : রেল স্টেশন-সংলগ্ন ৮৫ শতক জমির ওপর অবৈধভাবে নির্মিত সীমানাপ্রাচীর উচ্ছেদ করেছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। দুপুরে রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ভূসম্পত্তি কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় আবদুল সাত্তার জানান, আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি স্টেশনের পাশে থাকা ৮৫ শতক জমি তার পৈতৃক বলে দাবি করেন। পরে তিনি ওই ৮৫ শতক জমি আটোয়ারী উপজেলার খয়রুল ইসলাম নামে এক ঠিকাদারের কাছে বিক্রি করেন। ওই ঠিকাদার কয়েক দিন আগে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। অভিযোগ পেয়ে রেলওয়ে কর্র্তৃপক্ষ রেলওয়ের জমি বলে সীমানাপ্রাচীর ভেঙে ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত