আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির আবাসিক নেতা প্রতিদিন ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফিং করে যাচ্ছেন। লজ্জাবোধ থাকলে তারা ডাকসু নিয়ে কোনো কথা বলত না। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে ছাত্রদের। এটা নিয়ে মূল দলের যে মাথাব্যথা থাকবে, সেটা আমার জানা ছিল না। বিএনপির অফিস থেকে দলটির আবাসিক নেতা প্রতিদিন এটা নিয়ে ব্রিফিং করে যাচ্ছেন। মনে হচ্ছে, এটা ছাত্রদের নির্বাচন নয়, বিএনপির নির্বাচন। প্রতিদিন ব্রিফিং করে কোথায় কী হচ্ছে, কার কী সমস্যা হচ্ছে এগুলো ব্যাখ্যা করে যাচ্ছেন তিনি। নিজেদের যদি লজ্জাবোধ থাকে, তবে আমার মনে হয় ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির কথাবার্তা বলার আর সুযোগ থাকতে পারে না।’
