দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আইনজীবীদের মাধ্যমে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা প্রায় দুইশ’ পৃষ্ঠার আবেদনের নথি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেন।
খালাসের আবেদনের পাশাপাশি এ মামলায় বিএনপির চেয়ারপার্সনের জামিন চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ম বিশেষ জজ আদালত এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছর ও অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন। পরে এ রায়কে চ্যালেঞ্জ করে ও জামিন চেয়ে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের সাজা বাড়াতে আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ।
গত বছরের ৩০ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড এবং অন্য আসামিদের সাজা বহাল রাখেন।
