সেন্টমার্টিনে পাচারকারিদের ধাওয়া, ৪ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০১:৪৭ পিএম

বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে 'পাচারকারিদের ধাওয়া' দিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

তবে এ সময় পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উপকূলবর্তী গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার রায়হান তারিক।

পাচারকারিরা ইয়াবার একটি চালান সাগরের পানিতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার তারিক বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন উপকূলবর্তী গভীর সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি ট্রলার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় কোস্টগার্ডের একটি টহলদলের সদস্যরা সন্দেহজনক ট্রলারটি দেখতে পেয়ে থামার জন্য সংকেত দেয়।

তিনি জানান, ট্রলারটিতে থাকা লোকজন না থেমে দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরাও পিছু পিছু ধাওয়া দিলে ট্রলারটিতে লোকজন পলিথিন মোড়ানো মাঝারি আকারের একটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে।

কোস্টগার্ডের এ কমান্ডার বলেন, “পরে সাগরের পানিতে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ৪ লাখ ৫৫ হাজার ইয়াবা।”

উদ্ধার করা ইয়াবাগুলো কোস্টগার্ড টেকনাফ স্টেশন অফিসে রাখা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট তারিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত