যুবদল নেতাকে পিটিয়ে ও গুলি করে হত্যা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৯:০০ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আমজাদ হোসেন (৪২) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি থানা-পুলিশ ধন্যপুর গ্রামের একটি খালপাড় থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ এলাকাবাসীর সূত্র দিয়ে জানায়, বৃহস্পতিবার দুপুরে যুবদল আমিশাপাড়া ইউনিয়নের ধন্যপুর ওয়ার্ড যুবদল সভাপতি এবং ধন্যপুর গ্রামের নুরু মিয়ার ছেলে গ্রামের একটি চা দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় সিএনজি করে ও মোটরসাইকেল যোগে আসা ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় এবং গ্রামের এক প্রান্তে খালের পাড়ে নিয়ে পিটিয়ে ও গুলি করে হত্যা করে ফেলে রেখে চলে যায়।

নিহত আমজাদ হোসেনের পিতা নুরু মিয়া জানায়, তার ছেলে ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিল। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় ও তার বাড়িতে শাসক দলীয় ক্যাডাররা হামলা ও ভাঙচুর করার পর তার ছেলে আমজাদ এলাকা ছেড়ে ঢাকায় চলে যায়। গত মঙ্গলবার সে এলাকায় ফিরে আসে। আমিশাপাড়া ইউপি যুবদল সেক্রেটারি মো: বাবলু জানায়, আমজাদকে শাসকদলীয় ১০/১২ জন ক্যাডার বাড়ির পার্শ্ব থেকে তুলে নিয়ে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে।

নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ খবরের সত্যতা স্বীকার করে বলেন, খুনি যেই হোক, যত বড় শক্তিশালী হোক তাদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। পুলিশ খুনিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত