পাঁচ টন অবৈধ পলিথিন জব্দ, ব্যবসায়ী আটক

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১০:৫৩ পিএম

ঝালকাঠির রাজাপুরে ৭০ বস্তায় পাঁচ হাজার দুই শত কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। এ সময় পলিথিনের মালিক ব্যবসায়ী ওসমান গনিকে আটক করা হয়েছে। জব্দকৃত অবৈধ পলিথিনের বাজার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব ।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার কেওতা মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করা হয়। আটক ওসমান গনি উপজেলার কেওতা ঘিগড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।

বরিশাল র‌্যাব-৮ জানায়, পলিথিন ব্যবসায়ী ওসমান গনি দীর্ঘ ৪ বছর ধরে নদী পথে ট্রলারে করে ঢাকা থেকে নিষিদ্ধ পলিথিন এনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ওসমান গনির বাড়ির সামনের খালে ট্রলার ভর্তি এ পলিথিন জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাব ৮ এর এএসপি মুকুর চাকমা ।

রাজাপুরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) ইমরান শাহারিয়ার বলেন, আটককৃত ওসমান গনিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং অবৈধ পলিথিন ধ্বংসের জন্য র‌্যাব ৮ কে নির্দেশ দেওয়া হয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত