ভারতে ছয়টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাবে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক নিরাপত্তা ও বেসামরিক পরমাণু শক্তি উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
টানা দুদিনের বৈঠক শেষে গত বুধবার ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ক চুক্তি হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। এ সময় ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক দপ্তরের সহকারী সচিব আন্দ্রিয়া থম্পসন।
২০০৮ সালে ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৬ সালে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরির কথা প্রথম জানানো হলেও তা আটকে ছিল আইনি জটিলতায়। ভারতের আইন অনুয়ায়ী, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোনো দুর্ঘটনা হলে তার দায় নিতে হবে পরমাণু বিদ্যুৎকেন্দ্র যে কোম্পানি বানাচ্ছে, তাদেরই।
